নিজস্ব সংবাদদাতা ( বর্ধমান ) : পরিযায়ী শ্রমিকরা ফিরতেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে কোয়ারেন্টিন সেন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে প্রশাসনিক নির্দেশ মেনেই । জেলা থেকে পঞ্চায়েত স্তর অবধি টাস্ক ফোর্স গঠন করে নজরদারি র কাজ শুরু হয়েছে । বৃহস্পতিবার থেকেই রাজ্য প্রশাসনের নির্দেশ মেনে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক বা তীর্থযাত্রী সকলকেই সরকারী কোয়ারেন্টিন সেন্টারে রাখা হচ্ছে । যারা আসছেন তাদের প্রথমেই সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে । সেখানে নাম নথিভুক্ত করার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে । প্রতিটি ব্যক্তির থার্মাল স্ক্রিনিং করার পর সরকারী কোয়ারেন্টিন সেন্টারে রাখা হচ্ছে । ব্লকে ব্লকে , পঞ্চায়েত এলাকায় সরকারী বিদ্যালয় ভবন গুলিকে কোয়ারেন্টিন সেন্টার হিসাবে তৈরী করা হচ্ছে । জেলাস্তরের টাস্ক ফোর্সে জেলা পরিষদের সভাধিপতি , সহ সভাধিপতি , জেলাশাসক , পুলিশ সুপার , মেন্টর , সহকারী মেন্টর , শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ , জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ , বিধায়ক , অতিরিক্ত জেলাশাসক ( সাধারণ ) সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা থাকছেন বলে জানা গেছে । জেলা জুড়ে ব্লকে ব্লকে নজরদারি রাখবে টাস্ক ফোর্স । যে সমস্ত বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক এর পরীক্ষাকেন্দ্র তৈরী করা হয়েছে সেই বিদ্যালয়ে কোয়ারেন্টিন সেন্টার করা হবে না । তাছাড়াও যে সব বিদ্যালয়ে পর্যাপ্ত আলো , জল , শৌচাগার রয়েছে সেগুলোকেই কোয়ারেন্টিন সেন্টার হিসাবে তৈরী করা হচ্ছে । আপাতত বাইরে থেকে যারা আসছেন তাদের প্রথম ৭ দিন বাধ্যতামূলক ভাবে সরকারী কোয়ারেন্টিন সেন্টারে থাকতেই হবে । সেখানে প্রতিনিয়ত তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে । তারপর খতিয়ে দেখে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পদক্ষেপ নেওয়া হবে । সরকারী কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের সরকারী খরচেই রাখা হবে । এমনকি যে বিদ্যালয়গুলিকে ব্যবহার করা হবে তার বিদ্যুৎ বিল এর খরচ ও সরকারীভাবে বহণ করা হবে । বিদ্যালয় থেকে বহিরাগতরা চলে যাওয়ার পর স্যানিটাইজ করে দেওয়া হবে । এমনটাই জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া । পঞ্চায়েত স্তরে টাস্ক ফোর্স গঠন করে লাগাতার মাইকিং করতে হবে এলাকায় । কোনভাবে বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকরা যাতে বাইরে ঘোরাফেরা না করেন , ভয় না পেয়ে পরীক্ষা করান , সামাজিক দূরত্ব বজায় রাখেন সেই বিষয়ে সচেতন করা হবে বলে জানিয়েছেন সভাধিপতি । সরকারী শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু ছুটি তাই সেই গুলোকেই কোয়ারেন্টিন সেন্টার হিসাবে তৈরী করা হচ্ছে । তবে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা তা খতিয়ে দেখবে টাস্ক ফোর্স । আগামীকাল বিকেল ৪ টে নাগাদ মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের সাথে ফের ভিডিও কনফারেন্সে মিলিত হবেন । সেখান থেকে যদি আরো কোনো নির্দেশিকা আসে সেই অনুসারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সভাধিপতি শম্পা ধাড়া । প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । সেই অনুসারেই এবার পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে ।